বিডি নিউজ ৬৪: জেলার লোহাগড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। যুবকের নাম রাকিব শেখ (৩০)। নিহত ওই যুবক উপজেলার চাঁচই গ্রামের মকলেস শেখের ছেলে। পুলিশের দাবি রাকিব শেখ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
শুক্রবার গভীর রাতে উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনায় এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ ।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ‘ডাকাত সর্দার’ রাকিব তার সহযোগীদের নিয়ে দিঘলিয়া দক্ষিণপাড়ায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গভীর রাতে টহল পুলিশ ডাকাতদলের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে রাকিব শেখ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। দু’পক্ষের গোলাগুলিতে এসআই মিজানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান ওসি।
পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, তিনটি গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, রাকিব আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তার নামে লোহাগড়া, নড়াইল এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল