সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক আহত, বাসে অগ্নিসংযোগ

বিডি নিউজ ৬৪: বাসচাপায় এক নিরাপত্তাকর্মীসহ তিন পোশাক শ্রমিক আহতের জেরে গাজীপুরের ইটাহাটা এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি বাসে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইটাহাটা এলাকার দিগন্ত সোয়েটার কারখানার নিরাপত্তাকর্মী ফজলুর রহমান মহাসড়কে অবস্থান নিয়ে লাল পতাকা হাতে শ্রমিকদের রাস্তা পারাপার করছিলেন।

এ সময় অনাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় অপর একটি টেম্পুকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি উল্টে গেলে অপর দুই শ্রমিক আহত হন। শ্রমিক ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফজলুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পরে বাসচাপায় শ্রমিক মারা গেছে এমন খবরের জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। এক পর্যায়ে শ্রমিকদের একটি অংশ অনাবিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আগুন নেভায়। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৯টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *