ইনজুরির কারণে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। তাকে ছাড়াই ওই ম্যাচে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। চোট কাটিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে খেলতে নামেন দলের প্রাণভোমরা। তাকে পেয়ে দল যেন উড়ছে।
রাজকীয় প্রত্যাবর্তন হলো মেসির। ফেরার ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক আদায় করে নিয়েছেন তিনি। মেসি জাদুতে পানামার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এতে ‘ডি’ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনালের খেলা নিশ্চিত করেছে জেরার্ডো মার্টিনোর দল।
এ পর্যন্ত ২ ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। তাদের ঝুলিতে জমা হয়েছে পূর্ণ ৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে একটি করে জয় ও হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চিলি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংগ্রহ ৩ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা পানামাও একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে। ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট পকেটে পুরেছে তারা। বলিভিয়া ২ ম্যাচ খেলে দুটিতেই হেরে গেছে।
শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে অবশ্য ৬১ মিনিট পর্যন্ত মেসিকে ছাড়াই খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে তাদের সাফল্য; খেলার ৭ মিনিটে ওতামেন্দির গোলে লিড পায় তারা। অ্যাঙ্গেল ডি মারিয়ার ফ্রি-কিক থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেডে পানামার জালে জড়ান তিনি। প্রথমার্ধে এভাবে ১-০ গোলে এগিয়ে থাকে মার্টিনোর দল।

খেলার ৬১ মিনিটে অগুস্তো ফার্নান্দেজের বিকল্প হিসেবে মাঠে নামেন মেসি। মাত্র আধ ঘণ্টায়ই নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন বার্সেলোনা সুপারস্টার। মাঠে নামার ৭ মিনিটের ব্যবধানে পানামার জাল কাঁপান তিনি। প্রতিপক্ষ দলের ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়েন মেসি। দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৭৮মিনিটে ফ্রি-কিক থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোল আদায় করে নেন তিনি। আর হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৮৭ মিনিটে। মাঝমাঠ থেকে রোহো বল ধরিয়ে দেন মেসিকে। সেই বল নিয়ে পানামার ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল