বিডি নিউজ ৬৪: বিএনপি সমর্থিত ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলীমের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ স্থগিতাদেশ ছয় মাসের জন্য করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে আব্দুল আলীমকে বরখাস্তের আদেশ কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব ও উপ-সচিব, নির্বাচন কমিশন, খুলনা বিভাগীয় কমিশনার, ঝিনাইদহের জেলা প্রশাসক ও সদও উপজেলা নির্বাহী অফিসারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী। তাকে সহায়তা করেন দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
পরে আদালত থেকে বেরিয়ে নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, নাশকতার এক মামলায় চার্জশিট গৃহীত হওয়ায় গত ৫ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করে।
এ প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ৭ জুন হাইকোর্টে রিট করেন তিনি। ওই রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট প্রজ্ঞাপনের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল