বিডি নিউজ ৬৪: নেত্রাবতীর সঙ্গে গত বছর থেকে সম্পর্ক শুরু হয় গুরুস্বামীর। ভারতের বেঙ্গালুর থেকে ২০০ কিলোমিটার দূরে চিত্রদুর্গা জেলায় উইন্ডমিল প্রজেক্টে কাজ করেন গুরুস্বামী। নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী নেত্রাবতীও সেই অঞ্চলের বাসিন্দা। গত ২৬ মে চিত্রদুর্গাতে এক গণবিয়ের আয়োজন করা হয়েছিল। ঠিক হয়, সেখানেই বিয়ে করবে তারা। কিন্তু একটা দুর্ঘটনায় নিমেষেই ভাঙলো সব স্বপ্ন।
গত ২৩ মে ঘুরতে গিয়েছিলেন গুরুস্বামী ও নেত্রাবতী। বেঙ্গালুরের ঐতিহাসিক চিত্রদুর্গা দুর্গে যান তারা। আচমকা ফোর্টের ভিতর পড়ে যান নেত্রাবতী। গুরুতর চোট পান। শিরদাঁড়া ও কোমর ভেঙে যায়। ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে।
এরকম ঘটনার পরে গুরুস্বামী কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। বিয়ের আগে এভাবে বাধা! তবে পরিবার ও বন্ধুদের পাশে পেয়ে মনোবল বাড়ে তার। তিনি ঠিক করেন, নির্ধারিত দিনেই নেত্রাবতীকে বিয়ে করবেন। গুরুস্বামী রাজি হওয়ায়, আর না করেননি পাত্রীও। ২০০ কিলোমিটার অ্যাম্বুল্যান্স যাত্রা করে চিত্রদুর্গার গণবিয়ের মঞ্চে পৌঁছান তারা।
এ মঞ্চেই গণবিয়ের দায়িত্বে ছিলেন স্বামী মুর্গামট। বিয়ের দিন মঞ্চে পৌঁছলেও অ্যাম্বুল্যান্স থেকে নামতে পারেননি নেত্রাবতী। চোট এতোটাই বেশি ছিল যে, স্ট্রেচার থেকে সামান্যবারের জন্য উঠতেও পারেননি। তখন মুর্গামট ঠিক করেন, অ্যাম্বুল্যান্সেই বিয়ে হবে তাদের। অবশেষে তাই হলো। অনুষ্ঠান শেষে আবার অ্যাম্বুল্যান্সেই হাসপাতালে ফিরে গেছেন নবদম্পতি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল