বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী নামক স্থানে তিনটি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন।
মঙ্গলবার সকালে মুলিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আব্দুর রহিম (৪০) বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কোমল পানীয়বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিছন দিক থেকে আসা আরো একটি ট্রাক খুঁটিবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় তিনটি ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই খুঁটিবাহী ট্রাকের চালক রহিম নিহত হন। অপর ট্রাকগুলোর চালক ও হেলপারসহ ৩ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল