রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বিডি নিউজ ৬৪: জেলার নাসিরনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল মিয়া (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় পুলিশ একটি দেশীয় তৈরি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার কুণ্ডা ইউনিয়নের তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার নূরপুর গ্রামের ফয়েজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, সোমবার রাতে নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া এলাকায় একদল স্বশস্ত্র ডাকাত রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ডাকাত সদস্য রুবেল মিয়া মারা যান। তার সাথে থাকা অন্য ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, ৪ রাউন্ড গুলি ও রড এবং কিরিচ উদ্ধার করেছে।

তিনি আরো জানান, নিহত রুবেলের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে জেলার নাছিরনগর থানায় ৮টি ও বিজয়নগরে ৪টিসহ মোট ১২টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *