লিওনেল মেসি ছিলেন সাইড বেঞ্চে। প্রয়োজনে বদলী খেলোয়াড় হিসেবে নেমে যাবেন। কিন্তু ইনজুরির সমস্যায় থাকা অধিনায়ককে নিয়ে আর্জেন্টিনার ঝুঁকি নিতে হলো না। গেল বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা। মেসিদের তাই শিরোপা জেতা হয়নি। এবারের কোপায় দেখা হতেই প্রতিশোধ নিয়ে নিলো আর্জেন্টিনা। কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে মেসিদের দল। কোপার ২৩ বছরের শিরোপা খরা ঘুঁচাতে চায় ১৪বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ফল দেখে হয়তো মনে হচ্ছে টানটান উত্তেজনা ছিল ম্যাচে। আসলে ব্যাপারটা তেমন না। চিলিকে চ্যাম্পিয়নের মতো লাগেনি। আর্জেন্টিনা ছাপিয়ে গেছে তাদের। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতে ৯ মিনিটে দুই গোল করে চিলিয়ানদের ছিটকে ফেলে আর্জেন্টাইনরা। স্টপেজ টাইমে সান্ত্বনার গোলটি করেছে চিলি।
প্রথমার্ধে গোল করতে পারেনি কেউ। আর্জেন্টিনার কোচ তাতা মার্তিনোর হয়তো মেসিকে নামানোর কথা ভাবতে হচ্ছিল। পিঠ ও পাঁজরের ইনজুরি থেকে পুরো মুক্ত নন বলে কোচ তার সেরা অস্ত্র মেসিকে একাদশের বাইরে রাখতে বাধ্য হন।
মেসির জায়গায় খেলতে নামা নিকোলাস গাইতান খেলার দুই মিনিটে গোলের সুযোগ তৈরি করেন। তার হেড ক্রসবারে লেগে ফিরলেও আর্জেন্টিনার আক্রমণের ছন্দটা ওখান থেকেই ঠিক হয়ে যায়। ম্যাচের নিয়ন্ত্রণ হাতে থাকলেও গোল পাচ্ছিল না আর্জেন্টিনা। চিলি দু-একবার হুমকি দিয়ে গেছে। ৫১ মিনিটে আনহেল দি মারিয়া লিড এনে দেন দলকে। মাঝ মাঠ থেকে বলটা পেয়ে এগিয়ে আসলেন বেনেগা। ডি বক্সের বাইরে পেলেন দি মারিয়াকে। বলটা ঠেলেছেন তার দিকে। বাঁ প্রান্ত থেকে তার নিখুঁত শট গোলকিপার ক্লদিও ব্রাভো ঠেকাতে পারেননি।
ঠিক আট মিনিট পর একই রকম পরিস্থিতিতে বেনেগার ঋণ শোধ করেছেন মারিয়া। এবার মাঝ মাঠ থেকে তিনি বল বানিয়েছেন। ঠেলেছেন বাঁ প্রান্তে বেনেগাকে। যেন অ্যাকশন রিপ্লে! এবং একই রকম শটে বেনেগা লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেছেন। আসলে দুইবারই বার্সেলোনার কিপার ব্রাভো নিজেকে সঠিক পজিশনে রাখতে ব্যর্থ হয়েছেন।
এরপর ৬৭ মিনিটে গঞ্জালো হিগুয়াইনের বল সেভ করেছেন ব্রাভো। রোহো ও লামেলা আর্জেন্টিনার তৃতীয় গোলের কাছাকাছি গেছেন। কিন্তু ম্যাচের তৃতীয় গোলটা এসেছে চিলির কাছ থেকে। স্টপেজ টাইমে ফাবিয়ান ওরেলানার সেট পিসে পাঠানো বলে মাথা ছুঁইয়ে শেষে চিলিকে কিছুটা উৎসবের সুযোগ করে দিয়েছেন ফুয়েনজালিদা। গ্রুপ ‘ডি’তে আর্জেন্টিনার পরের ম্যাচ ১১ জুন। প্রতিপক্ষ পানামা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল