বিডি নিউজ ৬৪: বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় এআরএসএস ইন্টারন্যাশনাল নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক সাবির হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ব্যাংকটি থেকে ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা ৫৬টি মামলার মধ্যে ৪৬ নম্বর মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জুন) বিকেল ৫টায় রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সাবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপ-সহকারী পরিচালক সাইদুজ্জামানের নেতৃত্বাধীন একটি টিম তাকে গ্রেপ্তার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা বাংলামেইলকে এসব তথ্য নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, বেসিক ব্যাংক থেকে ভুয়া মর্টগেজ দেখিয়ে ও জাল কাগজপত্র সৃজন করে কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ২ হাজার ৯ কোটি টাকা ঋণের মাধ্যমে আত্মসাতের অভিযোগে ৫৬টি মামলা দায়ের করা হয়। গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর করা ৫৬টি মামলায় বেসিক ব্যাংকের ২৬ কর্মকর্তাসহ ১২০ জনকে আসামি করা হয়। এসব মামলার মধ্যে ওই ব্যবসায়ীকে ২২ সেপ্টেম্বর করা গুলশান থানার ৪৬ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ওই মামলায় বেসিক ব্যাংকের গুলশান শাখা হতে ৮৪ কোটি ৬৫ লাখ টাকার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করবে দুদকের তদন্ত দল।
প্রসঙ্গত, ২০১২ থেকে ২০১৪ সালে উঠে বেসিক ব্যাংক কেলেঙ্কারি। এতে ব্যাংকটি থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। যার মধ্যে দু’হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় ৫৬টি মামলা করা হয়েছে।
এসব মামলার ১২০ আসামির মধ্যে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন ৫ ব্যাংকার ও ৩ ব্যবসায়ী। বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। অপরদিকে বাকি টাকা আত্মসাতের অভিযোগ এখনো অনুসন্ধান করছে দুদক।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল