ঢাকা মেডিকেলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী বাবুল শেখ (৪৮) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলার চিতলমারী থানা পুলিশ।

সোমবার (৬ জুন) রাত ৯টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল শেখ ঢামেকের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডের ক্লিনার হিসেবে চাকরি করেন।

বাগেরহাট জেলার চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) দিদারুল ইসলাম জানান, চিতলমারী থানায় একটি হত্যা মামলার দুই নম্বর আসমি ছিলেন বাবুল শেখ। ওই মামলা দায়ের করা হয় এ বছরের ২ এপ্রিল।

তিনি আরও জানান, চিতলমারী থানার তিনঘড়ি গ্রামের বাসিন্দা মৃত আবদুল হামিদের ছেলে আবুল কাশেম মাখনকে হত্যার দায়ে ওই মামলা দায়ের করা হয়। মাখনকে শ্বাসরোধে হত্যা করেই ক্ষান্ত হয়নি, এরপর বাবুল শেখসহ কয়েকজন তাকে গাড়িচাপা দিয়ে থেঁতলে দেয়।

ঢামেকের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. খাজা আবদুল গফুর বলেছেন, ‘তার বিরুদ্ধে যদি হত্যা মামলা থেকে থাকে, তা হলে পুলিশ অবশ্যই তাকে গ্রেপ্তার করতে পারে। এ ব্যাপারে আমরা যদি কোনো কাগজপত্র পাই, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেছেন, ‘বর্তমানে বাবুল শেখ আমাদের হেফাজতে রয়েছে। যে থানায় বাবুল শেখের বিরুদ্ধে মামলা রয়েছে, পরে সেখানে তাকে হস্তান্তর করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *