বিডি নিউজ ৬৪: মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। পাঁচ দফা দাবিতে আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
জেলার বিভিন্ন সড়কে পরিবহন থেকে চাঁদা নেওয়া বন্ধ, শহরে অটোরিকশা নির্বিঘ্নে চলাচলসহ পাঁচ দফা দাবিতে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন অটোরিকশা শ্রমিক নেতারা। এরপর তারা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকায় প্রায় পাঁচ কিলোমিটার সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়। কর্মসূচি চলাকালে এ ছাড়া অটোরিকশা শ্রমিকরা দাবি আদায়ের জন্য সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যানচলাচল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল