বিডি নিউজ ৬৪: আড়াই বছর আগে নয়াদিল্লিতে এক ড্যানিশ পর্যটককে অপহরণ, লুঠ এবং সংঘবদ্ধ ধর্ষণ করার অপরাধে ৫ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আজ সোমবার অতিরিক্ত দায়রা বিচারক রমেশ কুমার এ রায় ঘোষণা করেন।
অভিযুক্তরা হলেন- মহেন্দ্র ওরফে গাঁজা (২৭), মহম্মদ রাজা (২৩), রাজু (২৪), অর্জুন (২২) এবং রাজু চাক্কা (২৩)। এদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ, ডাকাতি, অপহরণ, অন্যায়ভাবে আটকে রাখা এবং অপরাধমূলক অভিসন্ধিসহ বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করা হয়। সাজা ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ জানুয়ারি নয়াদিল্লি রেল স্টেশন লাগোয়া ডিভিশনাল রেলওয়ে অফিসার্স ক্লাবের কাছে এক পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ৫২-বছরের ওই মহিলা পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে প্রথমে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং পরে তাঁর সর্বস্ব লুঠ করার অভিযোগ ওঠে ৯ জনের বিরুদ্ধে। গত বছর ফেব্রুয়ারি মাসে মারা যায় ষষ্ঠ অভিযুক্ত ৫৬ বছর বয়সী শ্যামলাল। বাকি তিনজন ‘নাবালক’ হওয়ায় তাদের মামলা জুভেনাইল জাস্টিস বোর্ডে চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল