যশোরে দুজনকে কুপিয়ে হত্যা

 বিডি নিউজ ৬৪: যশোরের বাঘারপাড়ার চড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ফিলিং স্টেশনের ম্যানেজার বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের ওবাইদুল ইসলাম (৩০) ও কর্মচারী রঘুনাথপুর গ্রামের সদর উদ্দিন খানের ছেলে লিখন আহমেদ (২৪)। রবিবার রাতে যশোর-নড়াইল সড়কের চড়াভিটা তেলের পাম্পের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনার পর ওই ফিলিং স্টেশনের এক কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার নাসির হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ জানান, রাতে যশোর-নড়াইল সড়কের চড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনে ম্যানেজারসহ কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন।

সকালে এলাকার মানুষরা ফিলিং স্টেশনে তেল নিতে এসে তাদের না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে রক্তাক্ত দুটি লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তাদের লাশ উদ্ধার করা হয়। ফিলিং স্টেশনটি রাতে বন্ধ থাকে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *