বিডি নিউজ ৬৪: গানের মানুষ কুমার বিশ্বজিৎ, গান নিয়েই তার কাজ। তাই এদেশে তিনিই প্রথম প্রমাণ করলেন শুধু গান নিয়েও চলচ্চিত্র নির্মাণ করা যায়। মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত হয়ে এমন কথাই বললেন কুমার বিশ্বজিৎ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ শিল্পীর আটটি দ্বৈত গান নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সারাংশে তুমি’র উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। চলচ্চিত্রটিকে মিউজিক্যাল ফিল্ম হিসেবে দাবি করে তিনি বলেন, ‘একটা দৃষ্টান্ত তৈরি করতে চেয়েছিলাম, যে শুধু গান নিয়েও চলচ্চিত্র হয়। সেই ভাবনা থেকেই ‘সারাংশে তুমি’ নির্মাণ। ভবিষ্যতে এমন কাজ আরও হতে পারে। প্রথম প্রচেষ্টায় কিছু ভুলভ্রান্তি হয়তো আছে। ‘সারাংশে তুমি’ তরুণ প্রজন্ম আরও ভালো কিছু উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে বলেই আশা করি।’
অনুষ্ঠানে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, ‘পরিকল্পনা করে কাজটি করিনি। দাদার (কুমার বিশ্বজিৎ) সঙ্গে গল্প করতে গিয়েই ছবিটি নির্মাণের সুত্রপাত। অ্যালবামটির জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অল্প সময়ের মধ্যে গানগুলো তৈরি করেছেন। ভবিষ্যতেও এ ধরনের আরো কাজ করবো আমরা।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল, মডেল-অভিনয়শিল্পী অন্তু করিম, রাহা তানহা খান, কন্ঠশিল্পী কিশোর দাস প্রমুখ।
কুমার বিশ্বজিতের প্রথম দ্বৈত অ্যালবাম ‘সারাংশে তুমি’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, শুভমিতা ও ন্যানসি। যদিও অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলকে সঙ্গে নিয়ে শুধুমাত্র অডিও অ্যালবাম প্রকাশের কথা ছিলো। কিন্তু দ্বিতীয় ধাপে প্রত্যেকটি গান নিয়ে মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্ত হলো। সেই অনুযায়ী দুটি গানের দৃশ্যধারণও শেষ করেন নির্মাতা আশিকুর রহমান। কিন্তু এক পর্যায়ে সিদ্ধান্ত হয়, ‘সারাংশে তুমি’ হবে মিউজ্যিকাল ফিল্ম। সেন্সর বোর্ডের চৌকাঠ পেরিয়ে এটি এখন দর্শকের সামনে।
উল্লেখ্য, মিউজ্যিকাল ফিল্ম ‘সারাংশে তুমি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সম্প্রতি সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আশিকুর রহমানের পিরচালনায় এর কাব্যিক চিত্রনাট্য লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। একঘণ্টা ব্যাপ্তির মিউজিক্যাল ফিল্মটি প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অন্তু করিম ও রাহা তানহা খান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল