নোয়াখালী সদরে আ.লীগ ৮, স্থগিত ২

৬ষ্ঠ ধাপে নোয়াখালী সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

শনিবার (০৪ জুন) রাত ১০টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লেখযোগ্য পরিমাণ কেন্দ্র স্থগিত থাকায় ২ ইউপি’র ফলাফল স্থগিত রয়েছে।

এরআগে, সকাল ৮টা থেকে ১০ ইউনিয়নের ১১০টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন অনিয়মের ঘটনায় ১৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১নং চরমটুয়া ইউনিয়নে মো. কামাল উদ্দিন বাবলু (আ.লীগ), ২নং দাদপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন দেলু (আ.লীগ), ৪নং কাদির হানিফ ইউনিয়নে রহিম চৌধুরী (আ.লীগ), ৮নং এওজবালিয়া ইউনিয়নে আব্দুজ জাহের (আ.লীগ), ৯নং কালাদরাপ ইউনিয়নে মিজানুর রহমান (আ.লীগ), ১০নং অশ্বদিয়া ইউনিয়নে গোলাম হোসেন বাবলু (আ.লীগ), ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন মো. নুরুল আলম (আ.লীগ), ২০নং আন্ডারচর ইউনিয়নে আলী হায়দার বকশী (আ.লীগ)।

১১নং নেয়াজপুর ইউনিয়নে ৫টি এবং ৫নং বিনোদপুর ইউনিয়নে ৪টি কেন্দ্রে ভোট স্থগিত করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের ব্যবধানে প্রভাব পড়ায় এ দুই ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

প্রসঙ্গত, নির্বাচনে সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১ হাজার ৪৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৮৭৫, নারী ভোটার ১ লাখ ৪ হাজার ৮১৫ জন। মোট ভোট কেন্দ্র ১১০টি। চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত নারী সদস্য ১০২ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ৫৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *