রকস্টার তাহসান, আলোকচিত্রী মিম

সঙ্গীতের ভুবনের বাসিন্দা তাহসান, মাঝেমধ্যে অভিনয় আর বিজ্ঞাপনেও দেখা মিলে তার। অন্যদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। একসময় ছোটপর্দা নিয়ে ব্যস্ত থাকলেও, এখন বড়পর্দাই তার ধ্যান জ্ঞান। মিমও মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে হাজির হন। সম্প্রতি এই দুই তারকা ‘ডিজিটাল বাংলাদেশ’ নামের একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন। যার রেশ কাটতে না কাটতেই আবারো একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে হাজির হতে চলেছেন। কারণ নির্মাতা আদনান আল রাজীব এবার তাহসান-মিমকে নিয়ে নির্মাণ করছেন একটি মুঠোফোন কোম্পানীর বিজ্ঞাপন।

গত ২৫ মে থেকে বান্দরবানে শুরু হয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের নতুন একটি বিজ্ঞাপনের চিত্রধারণের কাজ। এতে দ্বিতীয়বারের মতো একসঙ্গে দেখা যাবে সঙ্গীতশিল্পী তাহসান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে।

বিজ্ঞাপন প্রসঙ্গে নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘বান্দরবানের বিভিন্ন লোকেশনে টানা তিনদিন শুটিং চলবে। এর আগেও মিমকে নিয়ে আমি গ্রামীণ ফোনেরই বিজ্ঞাপন নির্মাণ করেছি। তবে এবার বাড়তি পাওনা হিসেবে থাকছেন সঙ্গীতশিল্পী তাহসান।’

তিনি আরো বলেন, ‘বিজ্ঞাপনটিতে তাহসানকে রকস্টারের চরিত্রে আর মিমকে দেখা যাবে একজন ফটোগ্রাফার হিসেবে।’

উল্লেখ্য, মিম এর আগে গ্রামীনফোনের আরো দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। দুটো বিজ্ঞাপনেই তাকে দ্বৈত চরিত্রে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *