করোনার ভুয়া রিপোর্ট: জেকেজির আরিফুলসহ ৪ জন কারাগারে

বিডি নিউজ ৬৪: করোনাভাইরাসের পরীক্ষার নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট সরবরাহকারী চক্রের চার সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৭ জুন) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় দুই দিনের রিমান্ড শেষে ওভাল গ্রুপের সিইও আরিফুল হক চৌধুরী, সাঈদ চৌধুরী, বিপ্লব দাস ও মামুনুর রশীদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেঁজগাও থানার এসআই দেওয়ান মো. সবুর। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

এছাড়া গ্রেপ্তার জেকেজির সাবেক কর্মী হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাদেরও কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

পুলিশ জানায়, হুমায়ুন কবির এই প্রতারক চক্রের হোতা। তিনি ও তার স্ত্রীর নেতৃত্বে চক্রটি রাজধানীর বিভিন্ন বাড়িতে গিয়ে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করত এবং ভুয়া সনদ দিত। এজন্য জনপ্রতি ৫ থেকে ১০ হাজার টাকা নিত।

জেকেজি বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজটি করবে বলে সরকারের কাছ অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইট খুলে টাকা নিয়ে নমুনা সংগ্রহ ও ভুয়া সনদ দিচ্ছিল বলে পুলিশের দাবি।

এই ঘটনা প্রকাশ পাওয়ার পর জেকেজির অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *