বিডি নিউজ ৬৪: রাজশাহীর মতিহার থানার সমসাদিপুর এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মতিহার থানার কাটাখালি বাজার এলাকার মৃত আবু তাহেরের ছেলে গোলাম রাব্বানি (৩৫) ও মুক্তার হোসেনের ছেলে শুভ (২৫)। আহত হারুন (২৫) একই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, রাজশাহী থেকে তারা ৩জন একটি মোটরসাইকেলে চেপে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে কাটাখালির সমসাদিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী দেশ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভ মারা যায়। স্থানীয় লোকজন আহত গোলাম রাব্বানি ও হারুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোলাম রাব্বানি মারা যান। হারুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল