ফরিদপুর শহরতলির ডাকাতি মামলার দুই আসামির লাশ উদ্ধার
ফরিদপুর শহরতলির ডাকাতি মামলার দুই আসামির লাশ উদ্ধার

ফরিদপুর শহরতলির ডাকাতি মামলার দুই আসামির লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: ফরিদপুর শহরতলির পিয়ারপুর এলাকার একটি মাঠ থেকে ডাকাতি মামলার দুই আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বরগুনা জেলার বেতাগী উপজেলার কদমতলা গ্রামের রতন মিয়ার ছেলে হৃদয় হোসেন মানিক ওরফে ল্যাঙড়া মানিক (৩০) ও শরীয়তপুর জেলার পালং উপজেলার পশ্চিম চররোসনদী গ্রামের মৃত আব্দুল করিম ফকিরের ছেলে ফারুক ফকির (৪৫)। এরা দুইজনই ফরিদপুর শহরের নিলটুলী এলাকার মেঘনা জুয়েলোর্সে সংঘটিত ডাকাতি মামলার আসামি।

আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের পক্ষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সোয়া ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে খন্দকার নূরু মিয়া বাইপাস সড়কের পূর্ব পাশে পিয়ারপুর এলাকায় দুইদল ডাকাতের গুলিবিনিময়ের ঘটনার খবর পেয়ে টহল পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় ডাকাতদল তাদের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা দুই রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে পড়ে থাকতে দেখে। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং ৯টি হাতবোমা উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। নিহত মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি এবং ফারুকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *