বিডি নিউজ ৬৪: বরগুনার পাথরঘাটায় সাগরে মাছ ধরতে যাওয়ার সময় শহিদুল ইসলাম (৬০) নামের এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার জিনতলাসংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরার ট্রলারে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মৃত আবুল হাশেম মাস্টারের ছেলে।ট্রলারের মাঝি মো. ফোরকান মিয়া জানান, পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার পিন্টু মিয়ার মালিকানাধীন এফবি মোহসেন আউলিয়া ৬ নামক ট্রলার নিয়ে পাথরঘাটা মৎস্যঘাট থেকে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হন। সাগর মোহনায় রাত যাপনের পর জিনতলাসংলগ্ন বিষখালী নদীতে নোঙর করা অবস্থায় আজ বুধবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মৎস্য ট্রলারের শ্রমিক শহিদুল ইসলাম। তাকে চিকিৎসার জন্য পাথরঘাটায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
পাথরঘাটা থানা ওসি এস এম জিয়াউল হক জানান, লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য তা বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল