বিডি নিউজ ৬৪: বগুড়ার ধুনট উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক মা-ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে ধুনট-জোড়শিমুল সড়কের হ্যালিপ্যাড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মা-ছেলে হলেন- উপজেলার নলডাঙ্গা গ্রামের জাব্দুল সরকারের স্ত্রী খোদেজা খাতুন (৫২) ও তার ছেলে আত্তাব আলী (৩৫)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খোদেজা ও তার ছেলে আত্তাব দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। এমন খবর পেয়ে রাতে পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশ ক্রেতা সেজে কৌশলে ১০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। এ ঘটনায় মা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল