বিডি নিউজ ৬৪: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজিয়া বেগম (৪০) নামে এক বিধবা নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মুড়াপাড়া ইউনিয়নের হাউলিপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হাওলিপাড়া এলাকার নাছির উদ্দিন নাসুর জমিতে ঘর নির্মাণ করে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন রাজিয়া বেগম। নাছিরউদ্দিন নাসু অসুস্থ হওয়ার পর থেকে তাকে প্রায়ই চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যেতেন রাজিয়া বেগম।
রাত পৌনে ১১টার দিকে স্থানীয় একজন চিকিৎসককে দেখিয়ে ফেরার পথে নিজ বাড়ির মুরগির ফার্মের পাশে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত রাজিয়া বেগমকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। এসময় নাছির উদ্দিন নাসু দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে পালিয়ে আসেন। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। রূপগঞ্জ থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন জানান, হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত রাজিয়া বেগম ওই এলাকার মৃত আয়েত উল্লাহর স্ত্রী বলে জানা গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল