বিডি নিউজ ৬৪: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেফতার হওয়ায় একই বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৬৯ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য মামুন আব্দুল কাইয়ুম জানান,সরকারি চাকুরির বিধিমালা অনুসারে কোন শিক্ষক ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে তিনি সাময়িক বরখাস্ত হবেন। সিন্ডিকেট সভায় এ বিষয়টি বিবেচনা করে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর আকতার জাহান আত্মহত্যা মামলায় আতিকুর রহমানকে গ্রেপ্তার দেখায় পুলিশ। সেসময় পুলিশ দাবি করে,আকতার জাহানের সঙ্গে আতিকুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আকতার জাহানের মৃত্যুর ঘটনায় তার সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি চাইলেই আকতার জাহানকে মৃত্যুর হাত থেকে রক্ষ করতে পারতেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। এসময় তার কক্ষ থেকে সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আকতার জাহানের ভাই কামরুল হাসান অজ্ঞাতনামাদের নামে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল