বিডি নিউজ ৬৪: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাড়ির উঠানে বালু ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত সাজেদুল করিম লিখন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে রংপুর মেডিক্যল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
নিহত সাজেদুল করিম লিখন সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (জগদবার) গ্রামের মো. মোফাজ্জল হকের ছেলে। আর আটককৃতরা হলেন- ইসবপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (৩৮) ও একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৪০)|
নিহতের বড় ভাই সালাউদ্দিন লিটন জানান, গত শুক্রবার সন্ধ্যায় লিখন বাড়ির উঠানে বালু ফেলার কাজ করছিলেন। এ সময় আব্দুস সামাদ, লতিফ ও আজাদ বাধা দেয়। এক পর্যায়ে লতিফ ও সামাদ ধারালো ছুরি দিয়ে লিখনের পাজরে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনার পর ইসবপুর গ্রাম থেকে দুজনকে আটক করে সাদুল্যাপুর থানার হাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এ নিয়ে নিহতের পরিবার থেকে সাদুল্যাপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল