এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ
এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে হামলার একমাস না পেরুতেই একই জেলার আখাউড়া উপজেলায় এক হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরের জিনিসপত্র পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

এ ঘটনার সত্যতা স্বীকার করে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, গতকাল শুক্রবার গভীর রাতে (আড়াইটার দিকে) উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নয়ামুড়া গ্রামের নীপেন্দ্র ভৌমিকের বাড়ির একটি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে ওই ঘরে থাকা মুদি মালের দোকান ও গৃহস্থলির কাজে ব্যবহৃত কিছু জিনিসপত্র পুড়ে যায়।

তিনি আরও জানান, এ সময় নীপেন্দ্র ও তার স্ত্রী পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে অগ্নিসংযোগের খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জামান ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার।

এ বিষয়ে ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ফেসবুকে প্রকাশিত এক ছবিকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে হামলা চালানো হয়। এর কয়েকদিন পর আবারও কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *