বিডি নিউজ ৬৪: নীলফামারীতে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের আকালুগঞ্জ শিশাতলী বাজার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ইউএসএস আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ টি এম গোলাম মোস্তফা।
লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিরযোদ্ধা শ্যামচরন রায়, লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের সদস্য বিরেন্দ্র নাথ রায়, রুহিদাস রায়, সমাজ সেবক গোলাম মোস্তফা, দুবাছুড়ি দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট এম এ মোমেন, ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি রায়, সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান।
বক্তারা সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় অর্ধ সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল