বিডি নিউজ ৬৪: টাঙ্গাইল জেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাশে টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাস এলাকা থেকে ছানোয়ার হোসেন (৪২) নামে এক পত্রিকার হকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ছানোয়ার হোসেন সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ধরাট গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া বলেন, সকালে খবর পেয়ে মহাসড়কের পাশের একটি ক্ষেত থেকে ছানোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে বমি করার চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা করার জন্য বমির আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক গ্রহণের ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে নিহতের বড় ভাই শুকুর মাহমুদ জানান, আমার ভাই কোনো নেশার সঙ্গে জড়িত না। সে বুধবার সন্ধ্যায় হকার্স সমিতির সভার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর সে রাতে বাড়ি ফেরেনি। পরে সকালে তার মৃত্যুর খবর পাই।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল