নড়াইলের লোহাগড়ার পালপাড়ায় দুর্বৃত্তদের আগুনে হিন্দু বাড়িতে আগুন
নড়াইলের লোহাগড়ার পালপাড়ায় দুর্বৃত্তদের আগুনে হিন্দু বাড়িতে আগুন

নড়াইলের পালপাড়ায় দুর্বৃত্তদের আগুনে হিন্দু বাড়িতে আগুন

বিডি নিউজ ৬৪: নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী পালপাড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি হিন্দু পাল পরিবারের পালেংগা (মাটির তৈজসপত্র তৈরির স্থান) ও গোয়াল ঘরসহ খড়ের পালা পুড়ে গেছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় পালপাড়ার হিন্দু পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের কুন্দশী পালপাড়ায় গতরাত ৩টার দিকে  নিরোধ পালের পালেংগা ও গোয়ল ঘর, পরিতোষ পাল এবং প্রফুল্ল পালের দুটি খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকাবাসী ও লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পালেংগা ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে গেছে। আগুনে দুটি গবাদি পশুর গায়ের চামড়া ঝলসে যায়। খবর পেয়ে রাতেই লোহাগড়া থানা পুলিশ ও আজ বুধবার সকালে নড়াইল ২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ সাংবাদিকদের বলেন, “হিন্দু এলাকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা করার ঘোষণা দেন।

এদিকে, কুন্দশী পালপাড়ার মহাদেব বিশ্বাস, নিমাই পাল, মহাদেব পাল, তপন পালসহ অনেকেই ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন, “৩ নভেম্বর পালপাড়ার জয়ন্ত পালের পরিত্যক্ত বাড়িতে এবং পরিতোষ পাল ও শিবু পালের খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করায় হিন্দু পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়েছে। লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *