বরিশালের বোমা ফাটিয়ে ডাকাতি ১০ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
বরিশালের বোমা ফাটিয়ে ডাকাতি ১০ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

বরিশালের বোমা ফাটিয়ে ডাকাতি ১০ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

বিডি নিউজ ৬৪: বরিশালের উজিরপুরে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় হারতা আরআরএফ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; প্রত্যাহার করা হয়েছে আরও নয় কনেস্টবলকে।
দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে মঙ্গলবার রাত ১১টার দিকে এই সিদ্ধান্ত হয় বলে জানান জেলার পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান।
মঙ্গলবার সন্ধ্যায় হারতা বাজারে বোমা ফাটিয়ে ১০টির বেশি মাছের আড়তে ডাকাতি করে সাত-আটজনের জনের একটি দল। ঘটনার সময় একজনের মৃত্যু হয়।
পুলিশ সুপার বলেন, “প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আরআরএফ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাফফর হোসেনকে সাময়িক বরখাস্ত এবং নয় কনেস্টবলকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে।”
তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হরেন রায় বলেন, সন্ধ্যায় সাত-আট জনের একটি দল বোমা ফাটিয়ে হারতা বাজারে প্রবেশ করে। তাদের কাছে ধারালো অস্ত্রও ছিল।
“বোমার শব্দে ব্যবসায়ীরা ছোটাছুটি শুরু করলে ডাকাতরা মাছের আড়ৎ থেকে প্রায় অর্ধকোটি টাকা লুট করে স্পিডবোটে করে সন্ধ্যা নদী দিয়ে পালিয়ে যায়।”
ডাকাতির সময় সোহরাব বেপারী (৬৫) নামে এক মাছ বিক্রেতার মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “স্থানীয়দের কারও কারও দাবি ডাকাতদের হামলায় সোহরাব বেপারীর মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”
লাশ ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *