বিডি নিউজ ৬৪: নীলফামারীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সিভিল সার্জন আব্দুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক প্রমুখ। মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, বাল্যবিয়ে রোধ, স্যানিটেশন, শিশুশ্রম বন্ধসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের করণীয় বিষয়ে আলোচনা করেন বক্তারা।
এ সময় সিভিল সার্জন আব্দুর রশিদ বলেন, “স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করেছেন। বিনামূল্যে ৩১ প্রকার ওষুধ সেখানে পাওয়া যায়। আমাদের দেশে মা ও শিশু মৃত্যুর হার এখন অনেক কমেছে।” জেলা প্রশাসক জকীর হোসেন বলেন, “শিশু ও নারী উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ভূমিকা বেশি কার্যকর হবে। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ ৩০ জন অংশ নেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল