বিডি নিউজ ৬৪: ভোলার চরফ্যাশনে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে আজ বুধবার দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষ হয়। ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চরফ্যাশন উপজেলার সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ের সামনে ছয় একর জমি নিয়ে করিম আলীর লোকজনের মধ্যে ফারুক পক্ষের লোকজনের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। বিরোধপূর্ণ ওই জমিতে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে করিম আলীর লোকজন ঘর তুলতে গেলে ফারুক পক্ষের লোকজন বাধা দেয়। তারা লাঠিসোঁটা নিয়ে করিম আলীর লোকজনের ওপরে হামলা চালায়। করিম আলী পক্ষের লোকজনও ফারুক পক্ষের লোকজনের ওপর পাল্টা হামলা চালায়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুমা, আনোয়ার, কালু, আব্দুল মালেক, মজিদ, হারুন, ছানি, রাবেয়া, বিনু, জোসনা, হাজেরা এবং সাইদুলকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফারুককে আটক করেছে।
এ ব্যাপারে চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, জমির বিরোধ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফারুক নামের একজনকে আটক করেছে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োহনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল