বিডি নিউজ ৬৪: বাংলাদেশ দলের সাবেক কোচ তিনি। গেল ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড দলের সাথে আছেন। এতদিন শেন জার্গেনসেন ছিলেন কিউইদের অস্থায়ী বোলিং কোচ। এখন চুক্তিটা পাকা হলো। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ড দলের পূর্ণকালিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই অস্ট্রেলিয়ানকে।
সাবেক ফাস্ট বোলার জার্গেনসেন ২০০৮ ও ২০১০ সালে দুই দফায় নিউজিল্যান্ডের বোলিং কোচ ছিলেন। হাই পারফরম্যান্স প্রোগ্রামের সাথে ছিলেন। ২০১১ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। এরপর জাতীয় দলের অন্তর্বতীকালিন কোচের দায়িত্ব পালন করেন। ২০১৩ এর ফেব্রুয়ারিতে পূর্ণকালিন প্রধান কোচের দায়িত্ব পান। ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত এই দায়িত্ব পালন করে পরে চাকরি ছাড়েন জার্গেনসেন।
মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধান কোচ মাইক হেসন জানিয়েছেন, “শেন বোলিংয়ের যে কাঠামো দাঁড় করিয়েছেন তাতে মুগ্ধ আমরা। তাই তাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে বাধতে চেয়েছি। সব কন্ডিশনে তার জ্ঞান ও অভিজ্ঞতার প্রমাণ আমরা পাই।” বৃহস্পতিবার নিউজিল্যান্ড তাদের মাটিতে পাকিস্তানের সাথে দুই টেস্টের সিরিজ শুরু করছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল