বিডি নিউজ ৬৪: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আওয়ামী লীগের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। রায়পুরা থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে আজ মঙ্গলবার সকালে গ্রামের আড়াই শ বাসিন্দার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়। তবে নিহতের ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
গতকাল সোমবার ওই সংঘর্ষে চারজন নিহত ও ওসিসহ অর্ধশতাধিক আহত হন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রভাব বিস্তার ও নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নিলক্ষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকার ও নিলক্ষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান তাজুল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত তিন দিন ধরে ইউনিয়নের দড়িগাঁও, হরিপুর, বীরগাঁও এবং আমিরাবাদে সংঘর্ষ হয়। গতকাল সোমবার দুপুরে পুলিশ ও দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হন। আহত হন ওসিসহ অর্ধশতাধিক। এর জের ধরে রাতে হরিপুর বাজারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) বশির উদ্দিন জানান, আজ মঙ্গলবার সকালে রায়পুরা থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আড়াইশ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন। রায়পুরা থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে নিলক্ষার আবদুল মতিনকে প্রধান আসামি করে ৮৬ জনের বিরুদ্ধে ও এসআই ওবায়দুর রহমান বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় সোনাকান্দী গ্রামের তৌকির আহমেদকে প্রধান আসামি করে ১৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্তের জন্য সকালে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল