বিডি নিউজ ৬৪: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর পশ্চিমপাড়া গ্রামে আগুন দিয়ে ৬টি ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তারা গরু, ঘোড়া, নলকূপসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। হামলার আগে ২টি ককটেল বিস্ফোরণও ঘটায় তারা। আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সন্তোষপুর গ্রামের ইউসুফ আলীর সঙ্গে ১৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী মধুপুর উপজেলার মহিষমারা দিঘলবাইদের সদর আলীর বিরোধ চলে আসছে। ইউসুফ আলী ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। শনিবার ভোর ৪টার দিকে সদর আলীর শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ইউসুফ আলীর বাড়িতে হামলা করে। হামলাকারীরা ৫টি টিনের ঘর ভেঙ্গে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। লুট করে নিয়ে যায় একটি গরু, একটি ঘোড়াসহ ঘোড়ার গাড়ি, একটি নলকূপ ও ঘরের আসবাবপত্র।
গৃহিনী ফরিদা বেগম জানান, ২টি বিকট শব্দের পর তারা শিশু সন্তান নিয়ে ঘরবাড়ি ছেড়ে দৌড়ে পালিয়ে যান। রাতভর হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আবারও হামলার ভয়ে তারা এখন আতঙ্কগ্রস্ত।
এ ব্যাপারে নাওগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, তিনি বিষয়টি শুনেছেন।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল