বিডি নিউজ ৬৪: বরগুনার পাথরঘাটায় হরিণের পাঁচটি চামড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার ক্রেতা সেজে তার বাড়ির নিকট থেকে তাকে আটক করেন র্যাব সদস্যরা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৮ ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত আবদুর জব্বার মোল্লার ছেলে মো. বাদল মোল্লাকে গতকাল রবিবার সন্ধ্যায় তার বাড়ির নিকট থেকে হরিণের পাঁচটি চামড়াসহ আটক করা হয়। র্যাবের একটি গোয়েন্দা দল সেখানে ক্রেতা সেজে চামড়া কিনতে গিয়ে তাকে আটক করে বলে জানান র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান জানান।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, রবিবার সকালে র্যাবের ডিএডি মো. আবুল হোসেন পাথরঘাটা থানায় পাঁচটি চামড়া ও চামড়া চোরাচালানির সঙ্গে জড়িত মো. বাদল মোল্লাকে আটক করা হয়। তাকে পাথরঘাটা থানায় সোপর্দ করা হলে পুলিশ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, “জব্দকৃত চামড়ার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। বাদল দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ তাকে অনুসরণ করছিল। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল