বিডি নিউজ ৬৪: বাংলাদেশের ক্রিকেটে হয়ত সবচেয়ে বড় আক্ষেপের নাম নাসির হোসেন। বাংলাদেশ দলের ‘গ্রেট ফিনিশার’ হিসেবে খ্যাত এই অল-রাউন্ডারকে একের পর এক সিরিজে কিংবা টুর্নামেন্টে স্কোয়াডে কিংবা ১৪ জনের দলে রাখা হয়। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য মূল স্কোয়াডেই স্থান হলো না নাসিরের।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে সুযোগ পেয়ে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি নাসির। প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরের অন্তর্ভুক্তির জোরালো দাবি উঠে। তবে কোনো ‘চাপের মুখে’ নয়, দলীয় নিয়ম এবং শৃঙ্খলা মেনেই নাসিরকে শেষ দুই ওয়ানডেতে একাদশে নেওয়া হয় বলে বিসিবি সূত্র জানিয়েছিল।
সুযোগ পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে মাশরাফি ঝড়ের আড়ালে পড়ে যান তিনি। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়ে করেন অপরাজিত ২৭ রান। বোলিং করতে নেমে ১০ ওভারে ১ মেডেনসহ ২৯ রান দিয়ে নেন মঈন আলীর গুরুত্বপূর্ণ উইকেটটি। ম্যাচটি সেদিন দারুণভাবে জিতে যায় বাংলাদেশ।
তবে তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেননি নাসির। ১০ বলে ৪ রান করে আদিল রশিদের বলে ভিন্সের হাতে ক্যাচ দেন। ৭ ওভার বল করে ৫৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ম্যাচটি ৪ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। ওয়ানডের এই পারফর্মেন্সই হয়ত নাসিরকে অপেক্ষমাণ তালিকায় ফেলে রাখল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল