ঐতিহ্যবাহী নৌকাবাইচ মাগুরার মধুমতি নদীতে
ঐতিহ্যবাহী নৌকাবাইচ মাগুরার মধুমতি নদীতে

ঐতিহ্যবাহী নৌকাবাইচ মাগুরার মধুমতি নদীতে

বিডি নিউজ ৬৪: মাগুরার মহম্মদপুর উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মধুমতি নদীতে গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রাণ আপ বিহারীলাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা। বিকেল ৩টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার।

নদীর রুইজখালি বালুচর এলাকা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হয় শেখ হাসিনা মধুমতি ব্রিজের পাদদেশে। দুুটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার ‘ক’ গ্রুপ থেকে প্রথমস্থান লাভ করেছে বরলা আলফাডাঙ্গা গ্রামের আব্দুস সালাম ও তার দল। ওই গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে চাকুলিয়া আলফাডাঙ্গার রিপন মেম্বারের দল এবং পাইকপাড়া রোহাগাড়ার আইয়ুব হোসেনের দল।

‘খ’ গ্রুপের প্রথম হয়েছে কাপসটির হারুন মিয়া ও তার দল। এতে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কালিশংকরপুরের কবির মিয়ার দল এবং কারুকান্দির কামাল হোসেনের দল। উভয় বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় যথাক্রমে ফ্রিজ, ২১ ইঞ্চি রঙিন টিভি ও ১৭ ইঞ্চি রঙিন টিভি।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার। মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য কামরুন লায়লা জলি, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক শরিফুল ইসলাম।

প্রতিযোগিতায় ১৪টি নৌকা নিয়ে স্থানীয় ১৪টি গ্রামের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। দুই পাড়ে হাজার হাজার দর্শক বৃষ্টি উপেক্ষা করে এই আবহমানকালের ঐহিত্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা উপলক্ষে আশপাশে কয়েকটি মেলা বসে, যা উৎসবের মাত্রা বাড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *