বিডি নিউজ ৬৪: নিজ এলাকার নারীদেরকে যৌন হয়রানির প্রতিবাদ করায় কবির মিয়া (৩২) নামে যুবকের হাত পায়ের রগ দা দিয়ে কেটে দিয়েছে বখাটে।
সুনামগঞ্জের সদর উপজেলার মল্লিকপুরে রবিবার রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটেছে। কবির মিয়া সদর উপজেলার মল্লিকপুরের মৃত তছকির আলীর ছেলে।
গুরুতর আহত কবিরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে আশংকাজনক অবস্থায় রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের মল্লিকপুরের মহিবুরের বখাটে ছেলে নাহিদ (২২) প্রায়ই মাতাল হয়ে পাড়ার নারী ও তরুণীদের সঙ্গে অশালীন আচরণ করতো।
উপজেলা সদরের সড়কে রবিবার মধ্যরাতে একই পাড়ার কবির মিয়া এ নিয়ে প্রতিবাদ ও কথা কাটাকাটি করলে বখাটে নাহিদ ঘর থেকে ধারালো দা এনে প্রথমে কবিরের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এর পর বেপরোয়া নাহিদ ফের কবিরের দু’হাত ও দু’পায়ের রগ কেটে পালিয়ে যায়। আহত অবস্থায় রাত ১টার দিকে পাড়ার লোকজন কবিরকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. হারুন অর রশীদ চৌধুরী বলেন, এ ঘটনার খবর লোকমুখে জানতে পেরেছি। ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। বখাটেকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল