বিডি নিউজ ৬৪: পাহাড়ি জনপদে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন, বণ্যপ্রাণির নিরাপদ আবাসস্থল সংরক্ষণের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মানবধিকার কমিশন ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ সময় মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, আঞ্জুমুন আলম লিপি, অ্যাডভোকেট শক্তিপদ পাল, শামীম হোসাইন, নাসরিন বেগম ফাতেমা, রবেতা ম্রং, হারুন অর রশীদ দুদু প্রমুখ। এ ছাড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ কে এম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রূপালী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ ডা. শাহজাহান সাজু, আইয়ুব আলী বিদ্যুৎ, নুরে আলম সিদ্দিকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত দুই মাসে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদে বন্যহাতির আক্রমণে ১০ ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটে এবং চারটি বন্যহাতি মারা যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল