বিডি নিউজ ৬৪: গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পের পর ইতালির কেন্দ্রীয় অঞ্চলে ফের ছয় দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, রবিবার ইতালির কেন্দ্রীয় অঞ্চলের নোর্সিয়ার কাছে ভূপৃষ্ঠের মাত্র দেড় কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে অনেক ভবন ধসে পড়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মাত্র দুই মাস আগে ইতালি কেন্দ্রীয় অঞ্চলে অপর একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত ও কয়েকটি টাউন ধ্বংস হয়ে গিয়েছিল। এবারের ভূমিকম্পটি অগাস্টের ওই ভূমিকম্প এবং গত সপ্তাহের পরাঘাত থেকেও শক্তিশালী।
ভূমিকম্পে নোর্সিয়ার ঐতিহাসিক সেন্ট বেনেডিক্ট ব্যাসিলিকা ধসে পড়েছে। স্থানীয় এক খ্রিস্টান পাদ্রী ধসে পড়া ওই ব্যাসিলিকার ছবি ট্যুইটারে পোস্ট করেছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র পেরুজিয়া থেকে ৬৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং নোর্সিয়া টাউনের কাছাকাছি। ভূমিকম্পটি রাজধানী রোম থেকেও অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি হওয়ার পর ভীতসন্ত্রস্ত বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
ওই অঞ্চলের উসসিতা গ্রামের মেয়র বার্তা সংস্থা আনসাকে বলেছেন, সবকিছু ধসে পড়েছে। আমি ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পাচ্ছি। এটি একটি বিপর্যয়। আমি গাড়িতে ঘুমিয়ে ছিলাম এবং দোজখ দেখলাম। ইতালির দমকল বিভাগ বলেছে, সকালের ভূমিকম্পে যেসব টাউন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তল্লাশি শুরু করা হচ্ছে। গত সপ্তাহে এই এলাকায় পাঁচ দশমিক পাঁচ মাত্রার ও ছয় দশমিক এক মাত্রার দুটি ভূমিকম্প হয়। তারপর থেকে নিকটবর্তী ক্যাসটেলস্যানটাঙ্গেলো, প্রেসি ও ভিসসো টাউন প্রায় পরিত্যক্ত হয়ে গেছে। ভূমিকম্পের পর রাজধানী রোমে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল