বিডি নিউজ ৬৪: কি কঠিন একটা স্বপ্নের কাছাকাছি পৌঁছান। আর কতই না সহজে সেই স্বপ্নটা ভেঙেচুরে যায়! বেন স্টোকসের হাতেই বাংলাদেশের সেই স্বপ্নের সমাধি হলো। চট্টগ্রামে শেষ দিনে ৩৩ রান করলেই ইতিহাস সেরা জয় হতো বাংলাদেশের। কিন্তু ২৩ রানের আক্ষেপ ঢুকে পড়ল ইতিহাসের পাতায়। সাব্বির রহমান স্বপ্নটা কাঁধে বয়ে নিচ্ছিলেন। তিনি ৬৪ রানে অপরাজিতই থাকলেন। কিন্তু স্টোকসের ৩ বলের মধ্যে তাইজুল ইসলাম (১৬) ও শফিউল ইসলাম (০) এলবিডাব্লিউর ফাঁদে পড়লেন। ২২ রানের বিখ্যাত এক জয় তুলে নিয়ে মুক্তির আনন্দে মাতল ইংল্যান্ড।
এটা তাদের জন্য মুক্তির আনন্দই বটে। চতুর্থ দিনটা বাংলাদেশ রোমাঞ্চকর লড়াই শেষে ৮ উইকেটে ২৫৩ রানে দাঁড়িয়ে। লক্ষ্য ২৮৬। আর মাত্র ৩৩ রান। সাব্বির ৫৯ রানে অপরাজিত। ইংলিশদের স্বপ্নে নির্ঘাৎ গেল রাতে বারবার হানা দিয়ে ফিরেছেন সাব্বির। তাইজুল অপরাজিত ছিলেন ১১ রানে। কিন্তু লেজের ২ ব্যাটসম্যানকে ঢেকে রাখা হলো না সাব্বিরের। সকালের ২১ বলের মধ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ধুলোয় লুটাল সময়ের বাধা জয় করে মুখে মুখে ফেরার মতো এক জয়ের গল্প। ২৬৩ রানে অল আউট বাংলাদেশ! ১৬ কোটি মানুষের দেশে ছড়িয়ে পড়ে ২৩ রানের কষ্ট। দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ার স্বস্তি ইংল্যান্ডের।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল