বিডি নিউজ ৬৪: রেলওয়ে দুর্ঘটনায় অকাল মৃত্যু রোধে আজ রবিবার সকালে দিনাজপুরে জনসচেতনতামূলক র্যালি করেছে রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা। সম্প্রতি সেলফি তোলাসহ একাধিক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে বিভাগ।
আজ রবিবার সকাল ৯টায় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের উদ্যোগে দিনাজপুর রেলওয়ে স্টেশন থানা চত্বর থেকে র্যালি বের করে রেলওয়ে পুলিশ। র্যালিটি বের হয়ে শহরের বাহাদুর বাজার এলাকা প্রদক্ষিণ করে আবার রেলওয়ে থানা প্রাঙ্গণে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে থানার পরিদর্শক এনামুল হক, স্টেশনের সুপার গোলাম মোস্তফা, স্টেশন মাস্টার সুনীল কুমার, রেলওয়ে থানার উপরিদর্শক জিয়াউল হক জিয়া, রেল স্টেশনের প্রধান টিকিট কালেক্টর ও প্রধান গুডস সহকারী শামসুল হক, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান. আনোয়ার হোসেন প্রমুখ।
জনসচেতনতার উদ্যোগের অংশ হিসেবে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে না হাঁটতে, রেললাইন পার না হতে, রেললাইনের ওপর না বসতে এবং রেললাইন অতিক্রম করার সময় উভয় পাশে দেখে শুনে সতর্কতার সঙ্গে পার হতে পরামর্শ দিচ্ছে রেল বিভাগের কর্মীসহ রেলওয়ে থানা পুলিশ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল