বিডি নিউজ ৬৪: লাঞ্চ থেকে ফিরে দ্রুত ১০০ রান পেরিয়ে গেল বাংলাদেশ। তারপরই জোড়া ধাক্কায় পড়ে গেল চাপে। মুমিনুল হক (২৭) আউট। ৫ রান পর আউট মাহমুদ উল্লাহ (১৭)। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিকরা। চতুর্থ দিন এটি। এই রিপোর্ট লেখার সময় ১০৮ রানে চতুর্থ উইকেট হারিয়েছে মুশফিকুর রহিমের দল। জিততে তাদের দরকার আর ১৭৮ রান। ইংলিশদের দরকার ৬ উইকেট। সাকিব আল হাসানের (১) সাথে যোগ দিয়েছেন অধিনায়ক মুশফিক।
সকালে ৪.২ ওভারের মধ্যে ইংল্যান্ডের শেষ ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২৪০ রানে অল আউট প্রতিপক্ষ। প্রথম ইনিংসের লিডে তারা এগিয়ে থাকল ২৮৫ রানে। এত বড় টার্গেট তাড়া করে কখনো জেতেনি বাংলাদেশ। তার ওপর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটসম্যানদের জন্য উইকেট দারুণ কঠিন।
এই লক্ষ্যে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালোই ছিল। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৩৫ রানের জুট গড়লেন। কিন্তু এরপর থেকে নিয়মিত বিরতিতে আঘাত হানছেন ইংল্যান্ডের স্পিনাররা। তিন স্পিনার নিয়েছেন ৪ উইকেট। প্রথমে তামিমকে (৯) শিকার করেছেন অফ স্পিনার মঈন আলি। লাঞ্চের ২ ওভার আগে দারুণ খেলতে থাকা ইমরুল (৪৩) আউট হয়েছেন লেগ স্পিনার আদিল রশিদের বলে। ২ উইকেটে ৮৬ রানে লাঞ্চে গিয়েছিল টাইগাররা। টেস্ট বিশেষজ্ঞ মুমিনুল (২৭) তারপরই অপ স্পিনার গ্যারেথ ব্যাটির বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন। দলের ১০৩ রানের সময়। পরের ওভারে আবার আঘাত ব্যাটির। এবার শিকার মাহমুদ উল্লাহ (১৭)।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল