মাজিদের পর ইংলিশদের পরীক্ষা নিলেন মোসাদ্দেক-নাজমুল
মাজিদের পর ইংলিশদের পরীক্ষা নিলেন মোসাদ্দেক-নাজমুল

মাজিদের পর ইংলিশদের পরীক্ষা নিলেন মোসাদ্দেক-নাজমুল

বিডি নিউজ ৬৪: দিনের প্রথম সেশনটা ছিল আব্দুল মাজিদের। মারকুটে ব্যাটিংয়ে এই ওপেনার এক সেশনেই ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ফেলেছিলেন প্রায়! ৮৬ বলে ৯২ রান নিয়ে লাঞ্চের সাথে অবসরেও গেছেন মাজিদ। কিন্তু দ্বিতীয় সেশনটায় ইংলিশ বোলারদের পরীক্ষা নিলেন দুই তরুণ মোসাদ্দেক হোসেন ও নাজমুল হোসেন শান্ত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তারকা নাজমুল খেলেছেন ৭২ রানের ইনিংস। আর মোসাদ্দেকের ব্যাট থেকে এসেছে আগ্রাসী ৪৭ রান। চতুর্থ উইকেটে ৭৭ রানে জুটি তাদের। ৫ উইকেটে ২৪২ রান নিয়ে চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসের চার বিরতিতে গিয়েছিল বিসিবি একাদশ।

এমএ আজিজ স্টেডিয়ামে এটি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। অধিনায়ক সৌম্য সরকার টস জিতলেও ফর্ম ফেরাতে ব্যর্থই হচ্ছেন। এবার আউট ৪ রানে। এরপর ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান মাজিদের দাপট দেখেছেন ইংলিশ বোলাররা। আউটফিল্ড স্লো না থাকলে প্রথম সেশনেই সেঞ্চুরি হতো ঢাকা লিগে এবার তৃতীয় সর্বোচ্চ রান করা ২৫ বছরের মাজিদের।

১ উইকেটে ১২৭ রান নিয়ে লাঞ্চে যায় বিসিবি একাদশ। মাজিদের জায়গা নিলেন মুমিনুল হক। কিন্তু টেস্ট ব্যাটসম্যান মাত্র ১ রান করেই ফিরেছেন। এরপর দলের স্কোর বাড়িয়েছেন মোসাদ্দেক ও নাজমুল। ৩ ঘণ্টা ব্যাট করে ১৩০ বলে ৭২ করে আউট হয়েছেন নাজমুল। মেরেছেন ৯টি বাউন্ডারি। তার আগেই মোসাদ্দেক ফেরেন ৪৯ বলে ৩ ছক্কা ও ২ চারে ৪৭ করে। তাদের দুজনকেই শিকার করেছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বাঁ হাতি স্পিনার জাফর আনসারি। বিসিবি একাদশের ৫ উইকেটের ৩টিই তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *