এশিয়াজুড়ে ছড়িয়ে পড়তে পারে জিকা: বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা
এশিয়াজুড়ে ছড়িয়ে পড়তে পারে জিকা: বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা

এশিয়াজুড়ে ছড়িয়ে পড়তে পারে জিকা: বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা

বিডি নিউজ ৬৪: মশাবাহিত জিকা ভাইরাস পুরো এশিয়াজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা। এরইমধ‌্যে সিঙ্গাপুরে কয়েকশ মানুষের দেহে জিকা ভাইরাস সংক্রমণের তথ‌্য‌ এসেছে। থাইল‌্যান্ডে জিকা সংক্রমণের কারণে অপুষ্ট মাথা নিয়ে শিশু জন্মের অন্তত দুটি ঘটনা ঘটেছে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত বিশ্বের ৭০টি দেশে জিকা ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এর মধ‌্যে ১৯টি দেশ এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের।

ফিলিপিন্সের ম‌্যানিলায় বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার বার্ষিক সভায় এর মহাপরিচালক মার্গারেট চান বলেছেন, বিজ্ঞানীরা এখনও এই ভাইরাসকে ঠেকানোর পথ খুঁজছেন। দুর্ভাগ‌্যজনক বিষয় হল, তারা এখনও অনেক জটিল প্রশ্নের উত্তর জানতে পারেননি। এমনিতে জিকা ভাইরাস প্রাণঘাতী না হলেও গর্ভবতী নারীদের ক্ষেত্রে এর ফল হতে পারে মারাত্মক। তার শিশুর জন্ম হতে পারে অপুষ্ট মস্তিষ্ক বা বড় ধরনের ত্রুটি নিয়ে। ১৯৪৭ সালে উগান্ডায় প্রথম জিকা ভাইরাস ধরা পড়ে। এতে সচরাচর মৃত্যুর ঘটনা দেখা যায় না। তবে এর লক্ষণও সবসময় স্পষ্ট থাকে না।

গত বছর ব্রাজিল ও আশেপাশের দেশগুলোতে জিকার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ বছর ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকার কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে। গত মার্চে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের এক ব্যক্তির রক্তের পুরনো নমুনায় জিকা ভাইরাসের অস্তিত্ব পেয়েছে জাতীয় রোগ পর্যবেক্ষণকারী সংস্থা আইইডিসিআর। তবে জিকার বিষয়টি জানার আগেই তিনি সুস্থ‌ হয়ে ওঠেন।

সেপ্টেম্বরের শুরুতে সিঙ্গাপুরে প্রবাসী অধ‌্যুষিত এলাকায় জিকার সংক্রমণ ছড়িয়ে পড়ে। আক্রান্তদের মধ‌্যে ১৯ জন বাংলাদেশিও ছিলেন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসা নিয়ে কর্মস্থলে ফিরে গেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ভাইরাস ঠেকাতে হলে মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে। আর এ কাজটি করতে হবে প্রতিটি বাড়িতে বাড়িতে; কারণ এডিস মশা ঘরের মধ্যে ফুলদানি বা পাত্রে জমানো পরিষ্কার পানিতে বংশবিস্তার করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *