বিডি নিউজ ৬৪: দালাল চক্রের মাধ্যমে নির্ধারিত টিকিট ছাড়াই ঢাকা-চট্টগ্রাম-সিলেট-বরিশালগামী যাত্রী বহনসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আজ বৃহস্পতিবার আধাবেলা ধর্মঘট পালন করেছেন মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিবহন কাউন্টার মালিকরা।
গতকাল বুধবার পরিবহন কাউন্টার মালিক সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে এক সভায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনি সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
সকালে শহরের পারনান্দুয়ালীতে কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী দূরপাল্লার পরিবহনের টিকিট না পেয়ে ও টার্মিনালে কোনো বাস না ঢোকায় চরম দুর্ভোগে পড়েছেন। কামরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, “মহাসড়কে পরিবহন চললেও মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টার বন্ধ থাকায় ও সেখানে কোনো বাস ঢুকতে না পারায় আমরা বিশেষ করে মাগুরার যাত্রীরা ঢাকাসহ অন্য স্থানে যেতে পারছি না। এটি জেলার একমাত্র পরিবহন বাস টার্মিনাল। শহরের আর কোনো স্থান থেকে দূরপাল্লার পরিবহনের টিকিট দেওয়া হয় না।”
মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের ঈগল কাউন্টার মালিক মাহবুব হোসেন জানান, কাউন্টারের সামনে থেকে এক শ্রেণির দালালচক্র টিকিট ছাড়াই দূরপাল্লার বাস যাত্রীদের মাইক্রোবাস, প্রাইভেট কার এবং টার্মিনালে কাউন্টার নেই এমন পরিবহনে তুলে দেয়। এর ফলে যাত্রীরা অজ্ঞান পার্টির কবলে পড়াসহ নানা প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি পরিবহন কাউন্টার মালিকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দীর্ঘদিন কাউন্টার মালিকরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছে। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, “এ বিষয়ে যতটুকু আইনি সহযোগিতা দেওয়া সম্ভব- সে বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল