প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ সৌম্য
প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ সৌম্য

প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ সৌম্য

বিডি নিউজ ৬৪: ২০১৫ বিশ্বকাপ থেকে সৌম্য সরকারের বৃহস্পতি ছিল তুঙ্গে। এখন সেই ওপেনিং ব্যাটসম্যানই পড়েছেন শনির কবলে। একের পর এক ব্যর্থতায় হতাশায় নিমজ্জিত হচ্ছেন। বলা হচ্ছিল, ইংল্যান্ডের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচটা তার জন্য ‘লাইফ লাইন’। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডের মূল সিরিজে খেলতে যেটির ভূমিকা থাকার কথা। সেই পরীক্ষায় ফেল করেছেন সৌম্য। ফতুল্লায় আজ মঙ্গলবার চলমান প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ওপেন করে ব্যর্থ হয়েছেন। ১৩ বলে ৭ রান করেই ফিরেছেন।

আফগানিস্তানের মতো অপেক্ষাকৃত সহজ দলের বিপক্ষে ব্যর্থ হওয়ায় ২৩ বছরের সৌম্যকে নিয়ে প্রশ্ন। ওই সিরিজের শেষ ম্যাচে অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বল অযথা খেলতে গিয়ে উইকেটের পেছেন ক্যাচ দিয়েছিলেন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেও আজ উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সৌম্য। পেসার ক্রিস ওকসের বলে ক্যাচ নিয়েছেন ইংলিশ অধিনায়ক উইকেটকিপার জস বাটলার। বিসিবি একাদশ ৩৫ রানেই হারিয়েছে প্রথম উইকেট। অধিনায়ক ইমরুল কায়েস ভালো ব্যাট করছিলেন।

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের প্রথমটিতে শূন্য রানে আউট হন সৌম্য। এরপর দ্বিতীয়টিতে ২০ ও শেষ ম্যাচে ১১ রান করেন। তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে সৌম্যকে ফর্মে দেখা যায়নি। তারো আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন ৭ ম্যাচ। কিন্তু রান করেছিলেন মোটে ৭১। ২১ ছিল সর্বোচ্চ রানের ইনিংস। জাতীয় দলের অন্য ওপেনার তামিম ইকবাল দুরন্ত ফর্মে বলেই সৌম্যের ব্যর্থতা খুব বড় হয়ে ওঠেনি। তবে তার ব্যর্থতায় টাইগার দল কিন্তু নিয়মিত বিপদে পড়ছে। যেমন পড়ল আজ বিসিবি একাদশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *