বিডি নিউজ ৬৪: ঢাকার ধামরাইয়ে গতকাল সোমবার রাতে এক গার্মেন্ট কর্মকর্তাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে তাদের চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার ভৈলর চরপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাশেদ কবির (২৯), সাভারের জালেশ্বর এলাকার জুমাত আলীর ছেলে কয়েদ আলী (৫০), সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার আবু হানিফের ছেলে মামুন (২৫) এবং একই এলাকার জালাল উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (২৬)।
ধামরাইয়ের ঢুলিভিটায় অবস্থিত স্নোটেক্স গার্মেন্টের জুনিয়র এক্সিকিউটিভ (স্টোর সেক্টর) আসাদুজ্জামান জানান, সোমবার রাত ৮টার দিকে অফিস ছুটি হওয়ার পর হেঁটে কচমচ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় একটি প্রাইভেট কার থেকে চারজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে গাড়ি ওঠায়। গাড়িতে উঠিয়ে বলতে থাকে ‘তুই গাঁজা খাছ।’ এরপর তাঁকে ভয় দেখিয়ে গাড়িতে করে অজানা গন্তব্যে নিতে থাকে। এ অবস্থায় তাঁকে বাড়িতে ফোন দিয়ে টাকা আনতে বলে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা সাড়ে তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।
একসময় গাড়িটি নান্নার এলাকায় পৌঁছালে সেখানে গার্মেন্ট কর্মকর্তা আসাদুজ্জামান প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে আত্মরক্ষা করে স্থানীয়দের কাছে ঘটনাটি খুলে বলেন ওই কর্মকর্তা। পরে গাড়িটি (ঢাকা মেট্রো-গ-১২-৮১০৩) ধাওয়া করে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চারজনকে আটক করে জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। ধামরাই থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরু্দ্ধে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল