হারের স্মৃতি নিয়েই ভিগোর মুখোমুখি বার্সেলোনা
হারের স্মৃতি নিয়েই ভিগোর মুখোমুখি বার্সেলোনা

হারের স্মৃতি নিয়েই ভিগোর মুখোমুখি বার্সেলোনা

বিডি নিউজ ৬৪: ঘটনাটা এখনো ভোলেননি লুই এনরিক। বার্সেলোনা কোচ দারুণ ধাক্কা খেয়েছিলেন গতবার বালাইদোসে গিয়ে। গত বছরের সেপ্টেম্বরে স্প্যানিশ লিগের সেই ম্যাচে সেল্তা ভিগোর কাছে ৪-১ গোলে হেরে গিয়েছিল কাতালানরা। আজ রবিবার আবার যখন ওই দলের বিপক্ষে সেই একই মাঠে মুখোমুখি দুই দল তখন বার্সেলোনার মনের কোনে উঁকি মারবে সেই দুঃস্মৃতি। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে এই ম্যাচ শুরু।

স্প্যানিশ লিগে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের চির শত্রু রিয়াল মাদ্রিদ ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১ ম্যাচ বেশি খেলা সেভিয়ার পয়েন্টও ১৪। রিয়াল টানা তিন ম্যাচ ড্র করেছে। এই ম্যাচে তারা হোঁচট খেলে এবং বার্সেলোনা জিতলে এই মৌসুমে প্রথমবারের মতো স্প্যানিশ লিগ টেবিলের শীর্ষে উঠে যাবে কাতালানরা।

সেল্তার কাছে ওই হারের শোধটা অবশ্য এই বছরের শুরুতে নু ক্যাম্পে নিয়েছে বার্সেলোনা। ৬-১ গোলে ধসিয়ে দিয়েছিল সেল্তা ভিগোকে। তবু বার্সা কোচ এনরিক সতর্ক, “ওইদিকটো মনে রাখা ভালো। তাদের একই ম্যানেজার আছে। ফুটবলে যে কোনোকিছু ঘটতে পারে।”

লিওনেল মেসি ইনজুরির কারণে এখনো মাঠের বাইরে। নেইমার ও লুই সুয়ারেসকে তাই তার অভাবটা বুঝিয়ে দেওয়ার কাজ করতে হচ্ছে। আর তা তারা খুব ভালোই করছেন। এই ম্যাচে নেইমার-সুয়ারেসের পার্টনার কে হবেন তা এনরিকের ভাবনায়। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শুরু থেকে ছিলেন পাকো আলকাসের। ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় আসার পর চার ম্যাচে একটিও গোল করতে পারেননি তিনি। ২৩ বছরের এই স্ট্রাইকারের অবশ্য সমালোচনা করছেন না কোচ। যা খেলছেন তাতেই খুশি এনরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *