বল হাতে পেয়েই জ্বলে উঠলেন আশরাফুল
বল হাতে পেয়েই জ্বলে উঠলেন আশরাফুল

বিডি নিউজ ৬৪: বল হাতে পেয়েই জ্বলে উঠলেন মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা থেকে ফিরে এসে এখনো ব্যাট করতে পারেননি। তবে রবিবার বল হাতে পেয়েছিলেন। স্পিন বোলিংয়ে ৩ উইকেট নিয়ে সেই ফেরাকে মনে রাখার মতোই করেছেন একসময়ের দেশ সেরা ব্যাটসম্যান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লিগে বরিশাল বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে খেলতে নেমেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

আগের ম্যাচটি ছিল বিপিএলের ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে পাওয়া নিষেধাজ্ঞা থেকে আশরাফুলের ফেরার ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে খেলার বেশিরভাগটাই ভেসে যায়। আশরাফুলের ব্যাটিং-বোলিং কিছু্ করা হয় না। ক্যারিয়ারের শুরুতে প্রতিশ্রুতিশীল লেগ স্পিনার ছিলেন আশরাফুল। পরে বোলিং কমিয়ে দিয়েছিলেন। কিন্তু এই ম্যাচে বরিশালের বিপক্ষে প্রথম দিনের শুরুর দিকেই বল করার সুযোগ পেয়েছেন। অবৈধ বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া আরাফাত সানির সাথে জুটি বেধেছেন। সানি ২ উইকেট নিয়েছেন। আশরাফুল-সানির চাপের পরও দিনটা ভালো ভাবে শেষ করেছে বরিশাল। ৬ উইকেটে ৩০১ রান তাদের। ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন আবু সায়েম। সোহাগ গাজী ৮৭ রানে অপরাজিত। সেঞ্চুরির সুবাস পাচ্ছেন।

আশরাফুল সারাদিনে বল করেছেন ১৭ ওভার। এর ৫টি মেডেন। দিয়েছেন মাত্র ৪৯ রান। ৩ উইকেট। মেট্রোর সেরা বোলার এদিন আশরাফুল। নিষেধাজ্ঞার পরও মরচে পড়েনি বোলিংয়ে। দিনের শুরুতে প্রথম উইকেটটি নিয়েছেন সানি। এরপর ফজলে মাহমুদ (৯) ও শাহরিয়ার নাফীস (৪৮) আশরাফুলের শিকার। দিনের শেষটায় এসে শিকার করেছেন শাহিন হোসেনকে (৬)। আশা করা যাচ্ছে আশরাফুল ব্যাটিংয়ের সুযোগ পাবেন সোমবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *